আলাদা ইন্টারনেট লাইন চান ব্যবসায়ীরা
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতির মতো বাধা এড়াতে ভবিষ্যতে আলাদা ইন্টারনেট সংযোগ চেয়েছেন ব্যবসায়ীরা। রোববার (২৮ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভা শেষে এই প্রস্তাব দেয়া হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন,ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানিতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন। ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কি না, এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। নিজস্ব একটা ইন্টারনেট তৈরি হয়ে যায় কি না, সেটির একটা সাজেশন এসেছে।
তিনি বলেন, ফোরজি চালু হয়ে যাচ্ছে, ইন্টারনেট ছাড়া কোনো ব্যবসা সম্ভব না এখন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরছি।
তিনি আরো বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়া এবং বিদেশি মিডিয়ায় প্রচার হয়েছে। ফলে বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এ জন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে, ইমেজ ড্যামেজ অনেকটা রিকোভার হবে।
সহিংসতায় ‘ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি’ উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোটা সংস্কার আন্দোলনে ঢাকা ও আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে। খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি। ব্যবসায়ীরা আজকে দিনের মধ্যে সংশ্লিষ্ট খাতের ক্ষতির পরিমাণটা লিখিতভাবে জানাবেন। এছাড়াও বাজেটে অনেক কিছুই এসেছে যেটায় ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে।
সালমান এফ রহমান বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।
সভায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানরা উপস্থিত ছিলেন।







